TheBangladeshTime

সামনে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে: নাহিদ

2026-03-04 - 14:14

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে দেশে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, দেশের পরিস্থিতি গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও দলীয়করণের পথে যাচ্ছে কি না এ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও অতীতে কখনোই সেটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তিনি আরও বলেন, সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার থেকে স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন। সংসদে এ বিষয়ে কথা বলা হবে। সিলেটবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যতে দল থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আহমেদ জামিল/এএইচ/এএসএম

Share this post: