TheBangladeshTime

ঈদ উদযাপনে আর কত প্রাণ ঝরবে? প্রশ্ন রুমানার

2026-03-20 - 10:41

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে কর্মক্ষেত্র ছেড়ে বেশিরভাগ মানুষই এখন নিজের জন্মস্থানে। তবে এই যাত্রায় বেশ প্রাণহানির ঘটনাও ঘটছে। প্রতিবছর নাড়ির টানে বাড়ি ফেরার পথে অগণিত মানুষের প্রাণহানি গভীরভাবে ব্যথিত করেছে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও দেশবাসীকে সচেতন হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। রুমানা আহমেদ মনে করেন, ব্যক্তি নিজে সচেতন না হলে অন্য কেউ তাকে পরিবর্তন করতে পারবে না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা নাড়ির টানে বাড়ি ফেরেন, তাদের উদ্দেশ্যে এক কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে তিনি লিখেছেন, ‘নিজে সচেতন না হলে কেউ সচেতন করতে পারে না। পরিবারের সাথে ঈদ করার চেয়ে পরিবারের জন্য বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি।’ উৎসবের মৌসুমে দুর্ঘটনার ভয়াবহ চিত্র নিয়ে আক্ষেপ প্রকাশ করে এই সাবেক অধিনায়ক প্রশ্ন তুলেছেন, ‘এইভাবে ঈদ উদযাপনে আর কত প্রাণ ঝরবে?’ মূলত একটি দিনের আনন্দের চেয়ে জীবনের মূল্য যে অনেক বেশি, সেই বার্তাই দিতে চেয়েছেন রুমানা। তার এই দায়িত্বশীল পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে, যা সাধারণ মানুষকে ঈদ যাত্রায় আরও সতর্ক হতে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। এসকেডি/এমএমআর

Share this post: