ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, থাকবে চিকিৎসক-নার্স: জিয়া হায়দার
2026-03-24 - 10:00
দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ড. হায়দার বলেন, প্রস্তাবিত প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ইউনিটে একজন চিকিৎসক, একজন ডিপ্লোমাধারী উপসহকারী, একজন মিডওয়াইফ, একজন নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন ফার্মাসিস্ট নিয়োজিত থাকবেন। একই সঙ্গে প্রতিটি ইউনিটে তিনটি করে হাব গড়ে তোলা হবে, যা স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সম্ভব না হলে রোগীদের দ্রুত উপজেলা বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হবে। পাশাপাশি বর্তমানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ড, মেডিসিন ও সার্জারি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এসময় তিনি ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষা সুবিধা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি ধারণা নেন। রোগী ও স্বজনরা চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করলেও শয্যা সংকট, ওষুধের স্বল্পতা, কক্ষের জায়গা সংকট ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ড. হায়দার এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, কনসালটেন্ট ডা. মাহামুদ হাসান ও ডা. আবুয়াল হাসানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। মো. আমিন হোসেন/এসআর/এমএস