রংপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পেলেন ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী
2026-03-17 - 10:34
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের টাকা রংপুরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি করপোরেশন চত্বরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। এসময় সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের কারণে পরিচ্ছন্নকর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জিতু কবীর/এসআর/এমএস