TheBangladeshTime

জ্বালানি তেলের সরবরাহ-পাচার রোধে সতর্ক প্রশাসন

2026-03-07 - 10:23

সীমান্তবর্তী শেরপুর জেলায় জ্বালানি পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও জ্বালানি তেলের পাচার প্রতিরোধে জ্বালানি পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, পুলিশ ও জেলা প্রশাসনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এসময় তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ, অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিংয়ের মাধ্যমে সরকার কর্তৃক জারিকৃত অবশ্যপালনীয় নির্দেশনা প্রচারের জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী প্রমুখ এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ জ্বালানি তেল পাম্প মালিক, ম্যানেজার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মো. নাঈম ইসলাম/এনএইচআর/এমএস

Share this post: