যুদ্ধ পরিস্থিতি অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে, বাংলাদেশও বাইরে নয়
2026-03-24 - 11:11
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান অর্থায়ন ও নীতিগত আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। তিনি বলেছেন, যে কোনো অর্থায়ন সংক্রান্ত আলোচনা সব সময়ই নীতিগত আলোচনার সঙ্গে সম্পর্কিত। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে সব দেশই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষত যুদ্ধ পরিস্থিতি অর্থনীতিতে চাপ তৈরি করছে। বাংলাদেশও এর বাইরে নয়। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষ্ণ শ্রীনিবাসন জানান, অর্থমন্ত্রীর সঙ্গে তার এ বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ নতুন করে কোনো ঋণের অনুরোধ করেছে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দেন, অর্থায়ন ও নীতিগত আলোচনা একসঙ্গেই এগিয়ে চলছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আইএমএফের এ কর্মকর্তা বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সব দেশই কমবেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও এর ফলে সৃষ্ট অস্থিরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফ নিবিড়ভাবে কাজ করছে বলে তিনি জানান। পাশাপাশি কৌশলগত আলোচনা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষ্ণ শ্রীনিবাসন। এমএএস/এমকেআর