ঈদের ছুটিতে মাঠ প্রশাসনের অভিযোগ বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম
2026-03-16 - 12:05
আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ মন্ত্রণালয়ের ভবন নম্বর ২, ৪র্থ তলা, পরিসংখ্যান ও গবেষণা ইউনিট (টেলিফোন নম্বর +৮৮০২৪৭১২৪৪১৬) এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন করা হলো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদ ঘিরে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে সাতদিনের টানা সরকারি ছুটি। আগামী ২৩ মার্চ পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। আরএমএম/এমকেআর