মৌলভীবাজারে দুপুরের পর থেকে অধিকাংশ ভোটকেন্দ্র ফাঁকা
2026-02-12 - 08:56
মৌলভীবাজারে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে দুপুর ১টা থেকে অনেক ভোটকেন্দ্র ফাঁকা দেখা যায়। ভোটারের উপস্থিত একেবারেই কম ছিল। জেলা রিটার্নিক কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত জেলায় ৪১ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে’। সরেজমিনে, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গণমহা বিদ্যালয়, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায় সকালে ভোটারের উপস্থিত থাকলেও দুপুরে একেবারে ফাঁকা ছিল কেন্দ্রগুলো। কমলগঞ্জ গণমহা বিদ্যালয়ে ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১০৬ জন। এর মধ্যে দুপুর পর্যন্ত ৮৫৮টি ভোট প্রয়োগ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা বুলবুল আহমেদ। শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইটিং কর্মকর্তা মো. রাজিব মিয়া বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি বেশি ছিল। এখন কমেছে। এই কেন্দ্রে মোট ভোটার ১৪৫১ জন। ৩৫ শতাংশ ভোট পড়েছে দুপুর সাড়ে ১টা পর্যন্ত’। ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদুজ্জামান বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৯ জন। এর মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ১ হাজার ৩৪ জন ভোট দিয়েছেন’। এম ইসলাম/কেএসকে