গাজায় পুলিশের গাড়ি ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১১
2026-03-16 - 10:54
মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের প্রবেশপথের কাছে একটি পুলিশ যানবাহনে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া আরেকটি পৃথক হামলায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সূত্র জানায়, ইসরায়েল ডিফেন্স ফোর্স-এর একটি ড্রোন হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা করে। এ হামলায় আশপাশে থাকা আরও কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে। এদিকে একই দিনে, নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পৃথক ড্রোন হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের সন্তান নিহত হন বলে জানিয়েছে আল-ওয়াদা হাসপাতাল। এই দুটি হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মরদেহ ও ৮ জন আহত হাসপাতালে আনা হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৩ জনে এবং আহত হয়েছেন ১ হাজার ৭৬২ জন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭২,২৩৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৬১ জনে পৌঁছেছে। কেএম