TheBangladeshTime

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

2026-03-25 - 06:51

ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক জমি-জমা নিয়ে বিরোধের জের ও গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শর্টগানের গুলিতে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডা.গোলাম কবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এছাড়াও তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশের প্রায় ৪০ শতাংশ পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই ভাই- ডা. গোলাম কবীর ও হুমায়ুন কবীর মিন্টুর মধ্যে। এর মধ্যে ৭ শতাংশ জমি কাওছার শেখের নামে লিখে দিলেও, বাকি জমির গাছ বড় ভাই ডা. গোলাম কবীর প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। বুধবার সকালে গাছ কাটতে গেলে ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টু বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গোলাম কবীর বাড়ি থেকে একটি শর্টগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ছোট ভাই মিন্টু নিহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি, ডা. গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের ভাই আলমগীর কবীর জাগো নিউজকে বলেন, আমার চোখের সামনে বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আন্না সুলতানা জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর বুকে ও কোমরে শর্ট গানের গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা,সার্কেল) আজম খান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শর্টগানটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এন কে বি নয়ন/এনএইচআর/এএসএম

Share this post: