TheBangladeshTime

কাজের ফাঁকেই ফিটনেসের মন্ত্র দিলেন বিদ্যুৎ

2026-03-23 - 02:51

দিনে দীর্ঘ সময় অফিসে কাটানোর পর শরীরচর্চা করা অনেকের কাছেই কঠিন মনে হয়। তবে ব্যস্ততার মধ্যেও কীভাবে নিজেকে সুস্থ ও ফিট রাখা যায়, সেই পথ দেখিয়েছেন বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল। বলিউডে শক্তপোক্ত গড়ন ও দারুণ ফিটনেসের জন্য বিদ্যুতের আলাদা পরিচিতি রয়েছে। কমান্ডো কিংবা খোদা হাফিজ এর মতো ছবিতে তার অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবসম্মত মনে হয় মূলত তার সুঠাম শরীরের কারণেই। ফিটনেস নিয়ে বরাবরই সচেতন এই অভিনেতা বিভিন্ন সাক্ষাৎকারে নিজের শরীরচর্চার অভ্যাসের কথা তুলে ধরেছেন। কখনও কখনও তিনি দিনে প্রায় ৯ ঘণ্টা পর্যন্ত অনুশীলনও করেছেন। বর্তমান করপোরেট জীবনে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৮ ঘণ্টার সীমা পেরিয়ে অনেকেই ১০-১২ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। ফলে কম নড়াচড়া, দীর্ঘক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকা সব মিলিয়ে তরুণদের মধ্যে বাড়ছে ওজন, পাশাপাশি দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। এই পরিস্থিতিতে জিমে যাওয়ার সময় না পেলেও কিছু সহজ অভ্যাসেই ফিট থাকা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ। তার মতে, কাজের ফাঁকে ফাঁকে নিয়ম করে শরীর নাড়াচাড়া করা অত্যন্ত জরুরি। প্রতি এক ঘণ্টা অন্তর চেয়ার ছেড়ে উঠে কিছুটা হাঁটাহাঁটি করলে শরীর সচল থাকে। পাশাপাশি দিনে অন্তত এক কিলোমিটার হাঁটার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। সকাল, বিকেল বা সন্ধ্যা সময়টা গুরুত্বপূর্ণ নয়, নিয়মিত হাঁটাই আসল বিষয়। হাঁটার উপকারিতাও কম নয়। এটি যেমন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, তেমনই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত হাঁটলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমে। খোলা পরিবেশে হাঁটাহাঁটি মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্যস্ত সময়সূচির মাঝেও সামান্য কিছু কৌশল মেনে চললে সহজেই শরীরচর্চা করা সম্ভব। যেমন- একটানা সময় না পেলে ছোট ছোট ভাগে হাঁটুন। যেমন-দুপুরের খাবারের পর ১০ মিনিট হাঁটতে পারেন। অফিস উঁচু তলায় হলে পুরোটা লিফট ব্যবহার না করে কিছুটা পথ সিঁড়ি দিয়ে উঠুন। অফিস শেষে বাড়ি ফেরার পথে কিছুটা দূর হাঁটার অভ্যাস করতে পারেন। দীর্ঘক্ষণ বসে থাকার ফাঁকে ফাঁকে সহজ কিছু স্ট্রেচিং ব্যায়াম করাও উপকারী। সব মিলিয়ে ফিট থাকার জন্য আলাদা করে ঘণ্টার পর ঘণ্টা সময় বের করা সবসময় সম্ভব না হলেও ছোট ছোট সচেতন অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে এটাই মনে করিয়ে দেন বিদ্যুৎ জামওয়াল। জেএস/

Share this post: