রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে
2026-03-06 - 13:23
রাজধানীর তুরাগে র্যাবের অভিযানে ২৫ লাখের বেশি জাল টাকা ও এসব তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুই তরুণকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ এ আদেশ দেন। দুই আসামি হলেন নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, দুজনকে আজ আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার ডলিপাড়ায় একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালায় র্যাব-৩। অভিযানে দুজনকে আটক এবং ৫০০ টাকা মূল্যমানের ৫ হাজার পাঁচটি জাল নোট জব্দ করা হয়, যার মোট মূল্য ২৫ লাখ দুই হাজার ৫০০ টাকা। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় পরে তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এমডিএএ/একিউএফ