খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
2026-03-27 - 08:31
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সূতকর্মা পাড়ায় দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই নীতিদত্ত চাকমার মৃত্যু হয়। এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রবীর সুমন/কেএইচকে/জেআইএম