TheBangladeshTime

শেষ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর অপেক্ষায় বাস

2026-03-20 - 07:31

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে আসা আনন্দের এই মুহূর্তটি পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন করতে নগরী ছেড়ে বাড়ি ফিরছেন অসংখ্য সাধারণ মানুষ। ঈদ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘরমুখো মানুষের যে চাপ দেখা গিয়েছিল আজ সেটি নেই। মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যাত্রীর চাপ চোখে পড়েনি। ফলে যানচলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ডগুলো ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের যে ঢল নেমেছিল আজ তা নেই। অর্থাৎ একেবারে ফাঁকা বললেই চলে। তবে বিগত দিনের মতো মহাসড়কে যাত্রী সেবায় নিয়োজিত যানবাহনের যথেষ্ট চাপ চোখে পড়েছে। যাত্রী কম থাকায় দূরপাল্লার বাসকে দীর্ঘক্ষণ যাত্রীদের অপেক্ষায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। অপরদিকে ঈদযাত্রায় এ বছর এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। ফলে সড়ক ফাঁকা থাকায় মানুষজন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছেন। তবে গত কয়েকদিন মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা দেখা গেলেও শেষ দিনে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। সাইনবোর্ড ও শিমরাইল মোড়ের টিকিট কাউন্টারে কর্মরত তিনজন স্টাফের সঙ্গে কথা হলে তারা বলেন, গতরাত পর্যন্ত যাত্রীর উপচে পড়া ভিড় থাকলেও আজ একভাগও নেই। অলসতায় সময় কাটাচ্ছেন তারা। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, পুলিশের উপস্থিতি কম থাকার কারণ হচ্ছে অনেকে ছুটিতে গিয়েছেন। আমি নিজেও গতরাতে ছুটিতে এসেছি। তবে টিম পাঠানো হয়েছে। যাত্রীর চাপ কম রয়েছে এবং যানচলাচল স্বাভাবিক আছে। মো.আকাশ/এফএ/এমএস

Share this post: