TheBangladeshTime

৪২ দাঁত নিয়ে বিশ্বরেকর্ড

2026-03-07 - 04:34

সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে যেখানে ৩২টি দাঁত থাকে, সেখানে মালয়েশিয়ার এক ব্যক্তির মুখে রয়েছে অবিশ্বাস্য ৪২টি দাঁত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার চেয়ে ১০টি দাঁত বেশি। এই অদ্ভুত বৈশিষ্ট্যই তাকে এনে দিয়েছে বিশ্বরেকর্ডের স্বীকৃতি। এই রেকর্ডের মালিক হলেন মালয়েশিয়ার বাসিন্দা প্রথাব মুনিয়ান্ডি। তেল ও গ্যাস শিল্পে প্রকৌশলী হিসেবে কাজ করা ৩৩ বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে একজন পুরুষের মুখে সবচেয়ে বেশি দাঁতের বিশ্বরেকর্ডের অধিকারী। তার দাঁতের সংখ্যা যাচাই করে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি নিশ্চিত করা হয়। প্রথমদিকে তিনি নিজেও জানতেন না যে তার মুখে স্বাভাবিকের চেয়ে বেশি দাঁত রয়েছে। ২০২১ সালে একদিন পরিবারের সঙ্গে বিকেলের আড্ডার সময় তিনি লক্ষ্য করেন, তার মুখে যেন অতিরিক্ত দাঁত উঠছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা মিলে দাঁত গুনে দেখেন তখন সংখ্যাটি ছিল ৩৮টি। পরে ডেন্টাল এক্স-রে করার পর আরও চমকপ্রদ তথ্য সামনে আসে। পরীক্ষায় দেখা যায়, তার চোয়ালের ভেতরে আরও চারটি দাঁত রয়েছে, যেগুলো তখনও পুরোপুরি বের হয়নি। ২০২৩ সালের শুরুতে দাঁতগুলো সম্পূর্ণ গণনা করে দেখা যায়, তার মুখে মোট ৪২টি দাঁত রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বেশি দাঁত থাকা সত্ত্বেও এগুলোর বেশিরভাগই স্বাভাবিকভাবে সোজা হয়ে উঠেছে এবং তেমন কোনো শারীরিক জটিলতাও তৈরি করেনি। তাই সাধারণত মানুষ তার সঙ্গে কথা বলার সময় বিষয়টি বুঝতেই পারেন না। তিনি নিজে উল্লেখ না করলে অনেকেই জানতেও পারেন না যে তিনি একটি বিশ্বরেকর্ডের অধিকারী। এই অদ্ভুত বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরে অনেকেই প্রথমে বিস্মিত হন। কারণ সাধারণত একজন মানুষের মুখে ৩২টি দাঁত থাকে, সেখানে তার দাঁতের সংখ্যা ১০টি বেশি যা সত্যিই বিরল ঘটনা। তবে অতিরিক্ত দাঁত থাকা সত্ত্বেও এটি তার দৈনন্দিন জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। বরং তিনি নিয়মিত দাঁতের যত্ন নেন। প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত ফ্লস করার মাধ্যমে তিনি মুখের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করেন। বিশ্বরেকর্ড অর্জনের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, এটি তার কাছে অত্যন্ত বিশেষ একটি বিষয়। নিজের শরীরের একটি বৈশিষ্ট্যের জন্য বিশ্বরেকর্ড অর্জন করা সত্যিই আনন্দের। এই যাত্রায় তাকে সহায়তা করা দন্তচিকিৎসকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের নিয়মিত পরামর্শ ও যত্নের কারণেই তিনি তার দাঁতের স্বাস্থ্য ঠিকভাবে বজায় রাখতে পেরেছেন। আরও পড়ুন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি ইতিহাসের সবচেয়ে ছোট ও সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কেএসকে

Share this post: