TheBangladeshTime

উত্তরায় গৃহকর্মীর বিষপ্রয়োগে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

2026-02-17 - 18:15

রাজধানীর উত্তরায় গৃহকর্মীর বিষপ্রয়োগে এক বৃদ্ধা মারা গেছেন এবং তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে গৃহকর্মী। ভুক্তভোগীরা হলেন আয়েশা আক্তার (৬২) এবং তার স্বামী আনোয়ার হোসেন (৬৮)। তাদের লুবানা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আয়েশাকে মৃত ঘোষণা করেন। আনোয়ার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের একটি বাসায় এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক এসব তথ্য জানান। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি কল আসে যে ওই বাসায় এক বয়স্ক দম্পতিকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে ভুক্তভোগীদের কাছের একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ওই দম্পতি তাদের ছোট ছেলে মনোয়ার হোসেন ও পুত্রবধূর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। প্রায় তিন দিন আগে তারা ভবনের কেয়ারটেকার রবিনের মাধ্যমে মারুফা নামের এক গৃহকর্মী নিয়োগ করেন। তবে পরিবারটির কাছে ওই গৃহকর্মীর পূর্ণ ঠিকানা বা মোবাইল নম্বর ছিল না। পুলিশের ধারণা, গৃহকর্মী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দম্পতিকে অচেতন করে ফ্ল্যাট থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি। টিটি/এমএসএম

Share this post: