মঙ্গলবার রাতে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
2026-03-03 - 06:03
দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটি হতে যাচ্ছে প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর। সংশ্লিষ্টরা বলছেন, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্যচুক্তি সই করেছে, তা বাস্তবায়নে এসময় অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। এছাড়া, এ সফরে রাজনৈতিক বোঝাপড়া, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু- বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উদ্ভূত পরিস্থিতি আলোচনার টেবিলে থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ভারতের দিল্লি সফরে রয়েছেন পল কাপুর। তিনি সেখান থেকে রওনা করে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসবেন। পরদিন বুধবার (৪ মার্চ) তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষদিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। সন্ধ্যায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন। পল কাপুরের সফর নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে বলেছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানায় দূতাবাস। জেপিআই/একিউএফ