TheBangladeshTime

ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন জাহ্নবী

2026-03-04 - 05:03

বলিউডে চাকচিক্যের আড়ালে যে অন্ধকার লুকানো থাকে, তার নাম ‘ট্রোলিং’ বা অনলাইন বুলিং। বহুবার এই বিষাক্ত সংস্কৃতির শিকার হয়েছেন অভিনেতা অর্জুন কাপুর। এবার দাদার পাশে দাঁড়িয়ে সরাসরি মুখ খুললেন তার বোন জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী স্পষ্ট জানিয়েছেন, কাউকে অপমান বা মানসিকভাবে হেনস্থা করার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। জাহ্নবীর মতে, বর্তমান ডিজিটাল যুগে ‘ভাইরালিটি’ বা ভিউ পাওয়ার নেশায় মানুষ এতটাই মত্ত যে নীতি-নৈতিকতা ভুলে যাচ্ছে। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সবাই প্রচার চাইছে। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আমাদের মতো পাবলিক ফিগারদের সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। আসলে তারা আমাদের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব করে না, বরং কেবল ক্লিকবেট বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের নাম ব্যবহার করে।” দাদা অর্জুন কাপুরের প্রতি ট্রোলারদের আক্রমণ নিয়ে ব্যথিত জাহ্নবী স্বীকার করেছেন, যখন কাউকে ভুল বোঝা হয় বা পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়, তখন সেটা অত্যন্ত কষ্টদায়ক। তিনি বলেন, “আমি দেখেছি আমার দাদাকে নিয়ে কীভাবে ট্রোলিং করা হয়। এই ধরনের বুলিংয়ের কোনো ক্ষমা নেই। নেতিবাচকতা কেবল নেতিবাচকতাই তৈরি করে। তাই এই ধরনের বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।” গত কয়েক মাস ধরে অর্জুন কাপুরের অভিনয় দক্ষতা এবং তার ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা এবং নেতিবাচক মন্তব্য দেখা গেছে। সম্প্রতি অর্জুন তার মা মোনা শৌরি কাপুরের জন্মবার্ষিকীতে একটি আবেগঘন পোস্ট করেছিলেন, যেখানে জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন। এরপরই নেটিজেনদের একাংশ অন্যদের অনুরোধ করেছেন অর্জুনের পোস্টে কটু মন্তব্য না করার জন্য। আরও পড়ুন: বোকা প্রেমিক জোভানের ‘গুডলাক’ প্রেমিকা নীহা সিনেমা প্রতি নেন ৩০ কোটি, ৩৬ বছর বয়সে কত সম্পদের মালিক টাইগার শ্রফ কাজের ক্ষেত্রে জাহ্নবীকে শেষবার দেখা গিয়েছে ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ ছবিতে। আগামীতে তাকে দক্ষিণী তারকা রাম চরণের বিপরীতে ‘পেড্ডি’ সিনেমায় দেখা যাবে, যা নিয়ে এরই মধ্যে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমএমএফ/এমএস

Share this post: