TheBangladeshTime

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেলো বাংলাদেশ

2026-03-28 - 09:11

বাংলাদেশ থেকে আলু আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়। এর মাধ্যমে ভিয়েতনামে বাংলাদেশি আলুর বাজার উন্মুক্ত হলো। গতকাল শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমোদন পেলো। আরও পড়ুন সার নিয়ে ‘শঙ্কা না থাকলেও’ জেলায় জেলায় ভিন্ন পরিস্থিতি যুক্তরাষ্ট্র থেকে এলাে আরও ৬২ হাজার টন গম ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ অর্জন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন। ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়ক হবে। রাষ্ট্রদূত আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ অর্জন বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য যেমন- তিল ভিয়েতনামে রপ্তানির পথ সুগম করবে। দূতাবাস বাংলাদেশি কৃষিপণ্যের জন্য ভিয়েতনামের বাজারে আরও প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এফএইচ/কেএসআর

Share this post: