TheBangladeshTime

মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে জবি শিক্ষকের মৃত্যু

2026-03-24 - 13:01

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জহিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় বলা হয়, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম স্ত্রী ও তিন শিশুসন্তান রেখে গেছেন। আজ বেলা ১১টায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চাঁদখালীতে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। টিএইচকিউ/একিউএফ

Share this post: