TheBangladeshTime

আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ মিরাজের, ফিরলেন শীর্ষ দশে

2026-03-18 - 10:52

কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। যেখানে সিরিজ সেরা হয়েছেন দুই টাইগার ক্রিকেটার নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। বল হাতে ধারবাহিক পারফর্ম করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদ। দ্রুত সময়ের মধ্যে তার পুরস্কারও পেয়ে গেলেন তারা। আইসিসির সবশেষ সাপ্তাহিক র‍্যাংকিং আপডেটে বড় উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদদের। বিশেষ করে বোলারদের তালিকায় পুনরায় সেরা দশে জায়গা করে নিয়েছেন অধিনায়ক মিরাজ। সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৯ রানে ৩টি এবং ৩৪ রানে ২টি উইকেট শিকার করে বোলারদের র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। শুধু বোলিংয়েই নয়, অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে তার। দুই ধাপ এগিয়ে এখন তিনি বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে অলরাউন্ডার। এই তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো তানজিদ হাসান তামিম র‍্যাংকিংয়ে বড় চমক দেখিয়েছেন। ৩১ ধাপ এগিয়ে তিনি এখন ৫৫তম অবস্থানে। এছাড়া তাওহীদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২ নম্বরে এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠে এসেছেন। শেষ ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন। বড় উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানারও। মোস্তাফিজ ১৩ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে এবং নাহিদ রানা ৬৫ ধাপ এগিয় উঠেছেন ৯৮ নম্বরে। একই দিন সেঞ্চুরি করা পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা ওয়ানডে ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে উঠে এসেছেন। ভারতের লোকেশ রাহুলের সাথে যৌথভাবে তিনি এই অবস্থানে আছেন। এছাড়া অলরাউন্ডার তালিকায় তিনি উঠে এসেছেন দশম স্থানে। পাকিস্তানি বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি (১৭তম) ও হারিস রউফ (১৯তম) এক ধাপ করে এগিয়েছেন। অন্যদিকে, টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বোলিংয়ে ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ বোলিংয়ের সুবাদে এই উন্নতি তাঁর। কিউই পেসার লোকি ফার্গুসনও ১৮ ধাপ এগিয়ে ৫১ নম্বরে জায়গা করে নিয়েছেন। এসকেডি/আইএইচএস/

Share this post: