TheBangladeshTime

সনি র‍্যাংগসের এমডিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

2026-02-16 - 10:36

সনি র‍্যাংগস ইলেট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিনাস হোসেনসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দুদকের আবেদনে বলা হয়, একরাম হোসেন, বিনাস হোসেন ও সাচিমি ওগাওয়ারা হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানাধীন। আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে বলে তথ্য পাওয়া গেছে। দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন আদালতে দাখিল করা আবেদনে বলেন, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান, সম্পদ হস্তান্তর রোধ এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। এমডিএএ/বিএ

Share this post: