TheBangladeshTime

তেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2026-03-28 - 06:21

ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। শনিবার ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কিন-ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি হামলার শিকার হয়েছে। তবে ওই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ঘোষণা করেছিল যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে তারা তেহরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে। এর আগে গত ২৩ মার্চ ওই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক সাঈদ শেমকাদরি মার্কিন-ইসরায়েলি হামলায় নিজ বাড়িতেই নিহত হন। প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এক হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। টিটিএন

Share this post: