ফুটবল মাঠেও ছন্নছাড়া মোহামেডান
2026-03-07 - 13:13
সপ্তাহ দুয়েক ধরে মোহামেডান ক্লাবে ঢুঁ মারলে চোখে পড়েছে দুই রকম দৃশ্য। কর্মকর্তাদের ব্যস্ততা নির্বাচন নিয়ে এবং ফুটবলাররা আন্দোলনে। বকেয়া বেতনের দাবিতে ফুটবলাররা অনুশীলন বর্জন করেছেন। দলের ঘানাইয়ান মিডফিল্ডার বার্নার্ড মরিসনের ক্লাব টেন্টে মাস্তানি। বেতনের দাবিতে লাঠি হাতে কর্মকর্তাদের রুমের সামনে গিয়ে হুমকি-ধামকি করতেও দেখা গেছে এই আফ্রিকানকে। লিগের ফিরতি পর্বের প্রথম ম্যাচের আগে খেলোয়াড়দের মধ্যে বেতনের জন্য হতাশা এবং সেই হতাশা থেকে বিশৃঙ্খলা-সবকিছুর নেতিবাচক প্রভাবই পড়েছে মাঠে। শুক্রবার মাঠে গড়িয়েছে লিগের দ্বিতীয় পর্ব। মোহামেডানের ম্যাচ ছিল শনিবার। হোম গ্রাউন্ড কুমিল্লার ভাষা শাহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের কাছে ২-১ গোলে হেরেছে সাদাকালোরা। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান শিরোপা ধরে রাখাতো দূরের কথা, এমন অবস্থা হয়েছে যেন ফাইট দিতে হবে রেলিগেশন সেভ করতে। পঞ্চম রাউন্ডে পিডিব্লিউডির বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আলফাজ আহমেদের দল আরো কোনো ম্যাচে পূর্ণ পয়েন্ট পায়নি। কিংসের কাছে ২-০ গোলে হারের পর টানা তিন ম্যাচ ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ ও ব্রাদার্সের বিপক্ষে। ফিরতি লেগের প্রথম ম্যাচেই হারলো মোহামেডান। মাঠে ও মাঠের বাইরে মোহামেডান রীতিমতো ছন্নছাড়া। প্রথম পর্বে যখন দল খারাপ করছিল তখন দায়িত্ব ছেড়ে দেন ফুটবল কমিটির চেয়ারম্যান। খারাপ অবস্থায় যার দায়িত্ব ছিল দলকে আগলে রাখা সেই ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর কেটে পড়েন। তাতে দল আরো বিপদে পড়ে। দ্বিতীয় পর্ব শুরুর আগে ক্লাবে নির্বাহনী ডামাডোল শুরু হয়। টিম ম্যানেজমেন্টের অনেকে দলের দেখভাল করার চেয়ে ক্লাব পলিটিক্সে বেশি মনোযোগ দিয়েছেন বলেও অভিযোগ আছে। এই সবকিছুর নেতিবাচক প্রভাবেই চ্যাম্পিয়ন দল মোহামেডান লিগের দশ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে। কিংসের সাথে সমান ২১ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করা ফর্টিস এফসি এই জয়ের পর লিগ শিরোপার লড়াইয়ে দারুণভাবে টিকে রইলো। চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল ফর্টিস। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন গাম্বিয়ান পা ওমর বাবু। শনিবার জোড়া গোল করেছেন আরেক গাম্বিয়ান ইসা জালো। মোহামেডানের গোল করেছেন উজবেকিস্তানের মুজাফফরভ। আরআই/এমএমআর