TheBangladeshTime

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

2026-03-24 - 03:11

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) খুলেছে সরকারি অফিস। রমজানের আগের সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয়েছে অফিস। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রমজানে সরকারি অফিস ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। গত ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। রোজার আগে গত ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের সরকারি ছুটি। গত ১৬ মার্চ ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস। ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ হয় সোমবার (২৩ মার্চ)। অফিস করতেই ইতোমধ্যে অনেকেই গ্রাম থেকে বাস, লঞ্চ ও ট্রেনে ঢাকায় ফিরেছেন। মঙ্গলবার অফিস ছাড়াও উচ্চ ও নিম্ন আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার খুলেছে। তবে মঙ্গল ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অফিস খোলা থাকার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। এর পর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) আবার দুদিন সাপ্তাহিক ছুটি। তাই মনে করা হচ্ছে, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী মঙ্গল ও বুধবার ঐচ্ছিক ছুটিতে থাকবেন। একেবারে ২৯ মার্চ (রোববার) থেকে অফিস শুরু করবেন তারা। তাই আপাতত অফিস খুললেও উপস্থিতি থাকতে পারে অনেকটাই কম। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাভাবিকভাবে অফিস চলবে মূলত আগামী সপ্তাহ থেকে। এবার ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ঈদের ৫ দিনের ছুটির মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা ছিল। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। আরএমএম/জেএইচ

Share this post: