দিনাজপুর থেকে কষ্টি পাথরের ২ মূর্তি উদ্ধার
2026-03-28 - 00:11
দিনাজপুরে বিজিবি অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার (২৭ মার্চ) ভোর পর্যন্ত বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা ও চিরিরবন্দর থানা পুলিশের সহযোগিতায় রানীরবন্দর ও ভূষিরবন্দরে এই অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- কষ্টি পাথরের উমা-মহেশ্বেরের মূর্তি, বিষ্ণু দেবতার মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে পাথরের শিলা। এ সময় পাচারকারী সন্দেহে চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা গ্রামের শ্রী তাপস চন্দ্র রায় (৩০), নশরৎপুর গ্রামের শ্রী পরেশ চন্দ্র রায় (৬০) কে গ্রেফতার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসা নেতৃত্বে বিজিবি ও পুলিশ (২৬ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে ২৭ মার্চ ভোর সাড়ে ৬টা পর্যন্ত দিনাজপুর জেলার চিরিরবন্দর ও রানীরবন্দর এলাকায় চিরিরবন্দরে অভিযান পরিচালিত হয়। এ সময় ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের উমা-মহেশ্বর ও বিষ্ণু উদ্ধার করা হয়। ওই সময় একই উপজেলার ভূষিরবন্দর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শিলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শিলার মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা। আটককৃত আসামি এবং আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এমদাদুল হক মিলন/এনএইচআর