TheBangladeshTime

শেখ তন্ময়ের সঙ্গে নাশকতার পরিকল্পনা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

2026-02-07 - 04:36

বাগেরহাটে নির্বাচনকালীন নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দোলন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক ও চেক বই জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শহরের নাগের বাজার এলাকায় ব্যবসায়ী মধুসূদন ধামের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন, ব্যবসায়ী মধুসূদন ধাম ও আওয়ামী লীগ কর্মী মো. মাসুম বিল্লাহ। সেনাবাহিনীর সাত পদাদিক ডিভিশনের ২৮ পদাদিক ব্রিগেডের ২৩ আর-ই ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মধুসূদন ধাম আসন্ন নির্বাচনে নাশকতার সৃষ্টি করার জন্য বাগেরহাটে আওয়ামী লীগের সাবেক এমপি শেখ তন্ময়ের সঙ্গে প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আসছিলেন। দোলন মোল্লার ব্যক্তিগত মোবাইল চেক করার পর বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নাহিদ ফরাজী/কেএইচকে/এমএস

Share this post: