TheBangladeshTime

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

2026-03-09 - 13:14

বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে সরকার দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৯ মার্চ) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রক্ষেপণ ও সরকারি কর্মসূচিগুলোও সেই বাস্তবতা মাথায় রেখেই পরিচালিত হবে। আমির খসরু জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করা হচ্ছে। ‘বিশ্বে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে যুদ্ধের কারণে যে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে, তা আমরা বিবেচনায় নিচ্ছি। সেই বাস্তবতা মাথায় রেখেই সরকারের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে,’ যোগ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণের ক্ষেত্রেও বৈশ্বিক পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হবে। সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ব্যয় ও কর্মসূচি সমন্বয় করা হবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। এজন্য প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও আলোচনা চলছে। ‘জ্বালানি নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেখানেই সুযোগ আছে, সেখানেই আমরা সহযোগিতা চাইছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি,’ উল্লেখ করেন মন্ত্রী। বেকারদের চাকরি না দিয়ে ভাতা দেওয়ার মাধ্যমে মানুষকে আরও বেকার বানানো হচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে আমির খসরু বলেন, দেশে বেকারত্ব সমস্যা মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার এরই মধ্যে বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ চলছে। যেই পরিবারে বেকার আছে, সেই পরিবারের কাছেও টাকা যাচ্ছে। সেই পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়লে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। আর বেকার সমস্যার জন্য তো সরকারের বিশাল কর্মসূচি আছেই। তিনি জানান, সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হচ্ছে। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ ও কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হলে বর্তমানে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বন্ধ হয়ে যাবে কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, যে পরিবারে নারীপ্রধান যদি কোনো ভাতা পেয়ে থাকেন, তবে ফ্যামিলি কার্ড চালু হলে শুধু সেই নির্দিষ্ট ভাতাটি বন্ধ হবে। তবে টিসিবির মাধ্যমে পণ্য সহায়তা, খাদ্যবান্ধব কর্মসূচি বা অন্যান্য সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তন হয়। কেউ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হতে পারেন, আবার কেউ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়ে যেতে পারেন। তাই এই ব্যবস্থাকে নিয়মিত তদারক ও হালনাগাদ করতে হবে। মন্ত্রী জানান, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবাই ফ্যামিলি কার্ড পাবেন। তবে উচ্চবিত্তরা আর্থিক সহায়তা পাবেন না। প্রতি মাসের কত তারিখের মধ্যে আর্থিক সহায়তার অর্থ দেওয়া হবে, তা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল ১০ মার্চ উদ্বোধনের পরপরই টাকা চলে যাবে। এরপর প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে দেওয়ার ব্যবস্থা করা হবে। এমএএস/একিউএফ

Share this post: