বাংলাদেশকে পার্থক্য বুঝিয়ে দিলো ভিয়েতনাম
2026-03-26 - 14:41
ভিয়েতনামের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে আত্মবিশ্বাস নিয়ে সিঙ্গাপুরকে মোকাবিলার প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে বৃহস্পতিবার হ্যানয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দেখলো আন্তর্জাতিক ফুটবলে কোথায় ভিয়েতনাম আর কোথায় বাংলাদেশ। প্রথমার্ধে করা ৩ গোলেই ম্যাচটি (৩-০ ব্যবধানে) শেষ করেছে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে এই ব্যবধান বড় করার একাধিক সুযোগ পেয়েছিল ভিয়েতনাম। গোটা তিনেক আক্রমণ তাদের বিফলে গেছে ক্রসবার আর পোস্টে। বাংলাদেশ ম্যাচে ফেরার মতো খেলতে পারেনি দ্বিতীয়ার্ধে। চারটি পরিবর্তন করেও কোনো ফল পাননি ক্যাবরেরা। জামাল ভূঁইয়া, শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ঘোষ, সুমন রেজাদের নামিয়েছিলেন কোচ। তবে স্বাগতিকদের গোছালো ফুটবলের কাছে ক্যাবরেরার কোনো পরিকল্পনাই কাজে আসেনি। এই ম্যাচ ক্যাবরেরা শুরু করেছিলেন একাদশে ৫ জন প্রবাসী রেখে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোনো আন্তর্জাতিক ম্যাচে একাদশে ৫ প্রবাসী রাখার এটাই প্রথম ঘটনা। এর আগে সর্বোচ্চ ৪ প্রবাসী খেলেছেন বাংলাদেশ একাদশে। হামজা দেওয়ান চৌধুরী শেষ দিকে রক্ষণ ছেড়ে বেশিরভাগ সময় আক্রমণভাগে খেলেছেন। একটি গোলের চেষ্টা ছিল তার। ঠিকঠাক বল মারতে পারেননি। তার আগেই হয়ে যায় কর্নার। মাঝমাঠে খেলে শামিত সোমের কয়েকটি নিখুঁত পাস ছিল। তবে আক্রমণভাগের খেলোয়াড়রা কখনোই ভিয়েতনামের রক্ষণকে পরীক্ষায় ফেলতে পারেনি। বাংলাদেশ আগামীকাল (শুক্রবার) ভিয়েতনাম থেকে চলে যাবে সিঙ্গাপুর। ৩১ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলে এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করবে। বাংলাদেশ আগেই বিদায় নিয়েছে বাছাই থেকে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। ক্যাবরেরার লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে মিশন শেষ করার। তবে ভিয়েতনামের বিপক্ষে দলের যে চিত্র ফুটে উঠেছে তাতে ভালো কিছু হওয়ার প্রত্যাশা হয়তো ছেড়েই দেবে সমর্থকরা। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে ভিয়েতনাম। আগের তিন ম্যাচে বাংলাদেশের কোনো জয় ছিল না ভিয়েতনামের বিপক্ষে। তিন ম্যাচের দুটি ড্র করে একটি হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। সর্বশেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছিল বিশ্বকাপ বাছাইয়ে। দীর্ঘ ২৫ বছর পর দলটির বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ হজম, করলো ৩ গোল। হারের ব্যবধান কমেছে-বাংলাদেশের সান্তনা হতে পারে এটাই। ভিয়েতনাম ৩ গোলের দুটিই করেছে সেটপিস থেকে। অষ্টম মিনিটে ম্যাচের প্রথম কর্নার কিক থেকেই গোল আদায় করে নেয় ভিয়েতনাম। রক্ষণের ভুলে বল জড়ায় বাংলাদেশের জালে। কর্নারের বল ভিয়েতনামের দো হোয়াংয়ের শট বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় জায়ান আহমেদের পালে লেগে আশ্রয় নেয় জালে। ১৮ মিনিটে ফ্রিকিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মান। ৩৮ মিনিটে হাইলং দুইজনকে কাটিয়ে ব্যবধান ৩-০ করে। প্রথমার্ধে বাংলাদেশ সেভাবে প্রভাব ঘাটাতে পারেনি। ফয়সাল আহমেদ ফাহিমের একটি ভলি ভিয়েতনামের গোলরক্ষক বাম দিক দিয়ে ঝাপিয়ে রক্ষা করেন। সোহেল রানার একটি শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। তবে দ্বিতীয়ার্ধে উল্লেখ করার মতো কোনো সুযোগই আসেনি বাংলাদেশ শিবিরে। আরআই/আইএইচএস/