TheBangladeshTime

সতীর্থদের কাছ থেকে ১২০ শতাংশ পারফরম্যান্স চান বিরাট কোহলি

2026-03-22 - 08:10

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মিবিরে নতুন মৌসুমের শুরুতেই শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়। দলটির অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি সতীর্থদের আহ্বান জানিয়েছেন- প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে হবে, দিতে হবে শতভাগেরও বেশি, ‘১২০ শতাংশ’ পারফরম্যান্স। বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনে দলের খেলোয়াড়দের সামনে কথা বলতে গিয়ে বিরাট কোহলি বলেন, গত কয়েক মৌসুমের কঠোর পরিশ্রমের ফলেই তারা গতবারের সাফল্য পেয়েছেন। কিন্তু সেই অর্জন ধরে রাখা আরও কঠিন হবে। ‘আমরা গত দুই-তিন বছর কঠোর পরিশ্রম করেছি। কিন্তু এবার চ্যালেঞ্জ আরও বড়। অন্য দলগুলো আমাদের হারাতে আরও শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে। তাই এখন থেকেই এগিয়ে থাকতে হবে। কোনো সময় নষ্ট করা যাবে না’- সতীর্থদের উদ্দেশে বলেন কোহলি। দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার মনে করেন, নিলামের মাধ্যমে এবারের দলটি আগের চেয়ে আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হয়েছে। নতুন খেলোয়াড়দের সঙ্গে পুরোনোদের সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ, তবে সেটিকে তিনি দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। ‘নিলামটা আমাদের জন্য বেশ ফলপ্রসূ হয়েছে। আমরা কিছু দারুণ খেলোয়াড় পেয়েছি। কোহলি ও রজত পাতিদারের নেতৃত্বে নতুন-পুরোনোদের মিশিয়ে দল গড়ে তোলাটা বেশ রোমাঞ্চকর’- বলেছেন ফ্লাওয়ার। গত মৌসুমের সাফল্যের পর এবার জার্সিতে যুক্ত হয়েছে ‘চ্যাম্পিয়ন’ তারকা চিহ্ন- যা দলটির জন্য গর্বের প্রতীক হলেও কোচ মনে করিয়ে দিয়েছেন, অতীত ভুলে সামনে তাকাতেই হবে। ‘জার্সিতে একটি তারকা যুক্ত হয়েছে, যা আমাদের জন্য গর্বের; কিন্তু সেটি এখন অতীত। সামনে নতুন চ্যালেঞ্জ, আর আমরা আবারও শিরোপা জিততেই এখানে এসেছি’- যোগ করেন তিনি। ২৮ মার্চ নিজেদের মাঠেই শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আরসিবি। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠের সমর্থন এবং ব্যাটিং-বান্ধব উইকেটকে বড় সুযোগ হিসেবে দেখছেন কোচ। চিন্নাস্বামী স্টেডিয়ামের হাই স্কোরিং কন্ডিশন বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গতুল্য। তাই মৌসুমের শুরুতেই গতি পাওয়ার বড় সুযোগ দেখছে দলটি। সব মিলিয়ে, আরসিবি শিবিরে আত্মবিশ্বাস ও সতর্কতা- দুটোই স্পষ্ট। কোহলির ‘১২০ শতাংশ’ দেওয়ার বার্তা এবং কোচ ফ্লাওয়ারের কৌশলগত দৃষ্টিভঙ্গি মিলিয়ে দলটি প্রস্তুত হচ্ছে কঠিন এক মৌসুমের জন্য। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে এই পরিকল্পনা কতটা বাস্তব রূপ পায় এবং আরসিবি আদৌ তাদের শিরোপা ধরে রাখতে পারে কিনা। আইএইচএস/

Share this post: