TheBangladeshTime

ঈদের দিনে যমুনা সেতুতে টোল আদায় ৬১ লাখ

2026-03-22 - 06:30

পবিত্র ঈদুল ফিতরের দিনে এবার যমুনা সেতু দিয়ে ১৩ হাজার ৯০৬টি যানবাহন পারাপার করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৬১ লাখ ১ হাজার ৪০০ টাকা। যা গত বছরের ঈদুল ফিতরের তুলনায় কিছুটা বেশি। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের দিনে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে উত্তরাঞ্চলে প্রবেশ করেছে ৭ হাজার ৭৮৬টি যানবাহন। এতে ৯টি বুথে টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে উত্তরাঞ্চল ছেড়ে এসেছে ৬ হাজার ১২০টি যানবাহন। তাতে আরও ৯টি বুথে টোল আদায় হয়েছে ২৭ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা। তিনি জানান, এর আগে গত চার দিনের ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি। এম এ মালেক/কেএইচকে/জেআইএম

Share this post: