TheBangladeshTime

জরিমানা দিয়ে মুক্তি পেল রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ‘গ্রিনচ’

2026-02-17 - 15:14

কয়েক মিলিয়ন ইউরো জরিমানা পরিশোধের পর আটককৃত রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ‘গ্রিনচ’ ছেড়ে দিয়েছে ফ্রান্স। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ সন্দেহে ট্যাঙ্কারটিকে আটক করা হয়। ফরাসি এক মন্ত্রির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। গত মাসে রাশিয়া থেকে যাত্রা শুরুর পর স্পেন ও মরক্কোর মাঝামাঝি আলবোরান সাগরে ফরাসি বাহিনী ও তাদের সহযোগীরা জাহাজটির গতি রোধ করে। পরে সেটিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেইয়ের কাছে ফোস-সুর-মের বন্দরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ছিল, জাহাজটি ভুয়া পতাকার আড়ালে পরিচালিত হচ্ছিল এবং ইউরোপীয় নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল রপ্তানিতে সহায়তা করছিল। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, “ট্যাঙ্কার ‘গ্রিনচ’ কয়েক মিলিয়ন ইউরো জরিমানা পরিশোধ এবং ফোস-সুর-মেরে ব্যয়বহুল তিন সপ্তাহের অচলাবস্থায় থাকার পর ফরাসি জলসীমা ত্যাগ করছে।” তিনি আরও বলেন, ইউরোপীয় নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার মূল্য আছে। আমাদের উপকূলের কাছে ছায়া নৌবহর ব্যবহার করে রাশিয়া আর শাস্তি ছাড়াই তার যুদ্ধের অর্থ জোগান দিতে পারবে না। সূত্র: দ্য গার্ডিয়ান কেএম

Share this post: