ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর
2026-03-25 - 10:11
ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে মোহাম্মদ যুলঘাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত সপ্তাহে বিমান হামলায় নিহত আলী লারিজানির উত্তরসূরি হিসেবে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খবর আল জাজিরার। ইরানের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম সংবেদনশীল এই পদে নির্বাচিত যুলঘাদরকে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে হবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাকে। মোহাম্মদ যুলঘাদরকে একজন ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন প্রাক্তন কমান্ডার এবং ২০২৩ সাল থেকে উপদেষ্টা এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসির প্রথম প্রজন্মের সদস্য হিসেবে যুলঘাদর ইরান-ইরাক যুদ্ধে লড়াই করেছেন। তিনি আট বছর আইআরজিসি জয়েন্ট স্টাফের প্রধান এবং আরও আট বছর সংস্থাটির ডেপুটি কমান্ডার ইন চিফসহ একাধিক উচ্চ সামরিক ও নিরাপত্তা পদে অধিষ্ঠিত ছিলেন। এরপর তিনি উচ্চ-পর্যায়ের রাজনৈতিক ও বিচারিক পদে দায়িত্ব পালন করেন। তার এই মনোনয়ন তেহরানের এমন একজনের প্রয়োজনীয়তাকেই প্রতিফলিত করেছে যিনি শাসনব্যবস্থার মধ্যে একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক ও নিরাপত্তা ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘকাল ধরে বিবেচিত লারিজানির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে সক্ষম হবেন। তার স্থলাভিষিক্ত হওয়াটা কখনোই সহজ ছিল না। টিটিএন