নেত্রকোনায় মজুত ৫৫০০ লিটার ডিজেল জব্দ, দোকানির জরিমানা
2026-03-28 - 14:21
নেত্রকোনার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব জ্বালানি তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এ অভিযান পরিচালনা করে অবৈধ তেল জব্দসহ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক জহিরুল হক বকুল। সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেল সংকট চলছে। এ অবস্থায় ওই ব্যবসায়ী পেট্রোল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিল। শনিবার সন্ধ্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার হাটখোলা বাজারে এক অভিযান পরিচালিত হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক জহিরুল হক বকুলের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৫৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়ামে আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফায়দা নিতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এইচ এম কামাল/আরএইচ/এমএস