উদ্বোধনের ১ ঘণ্টা পর আ’লীগ কার্যালয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
2026-03-05 - 14:13
মাগুরা উদ্বোধনের এক ঘণ্টা পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় দলটির সহ-সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকাল ৫টার শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘটনায় ঘটে। এর আগে বিকাল ৪টার কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোকের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পার্টি অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের কিছুক্ষণ পরই উত্তেজিত জনতা ওই এলাকায় জড়ো হয়ে অফিসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. সোনিয়া সুলতানা (৪০) এবং আওয়ামী লীগ কর্মী মো. উসমান (৩১)। বর্তমানে তারা মাগুরা সদর থানার হেফাজতে রয়েছেন। এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে বিকেলে পার্টি অফিস উদ্বোধনের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/জেআইএম