TheBangladeshTime

বিদেশে চিকিৎসা নিতে ভিসা ও ভ্রমণ সহায়তা মিলবে একসঙ্গে

2026-03-09 - 10:34

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ভিসা ও ভ্রমণসংক্রান্ত জটিলতা কমাতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ভ্রমণসেবা প্রতিষ্ঠান মার্কেট এন-ট্রান্স হলিডেজ। শনিবার (৮ মার্চ) ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় গ্রামীণ হেলথটেক লিমিটেডের রোগীদের আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রসেসিং, ভ্রমণ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে মার্কেট এন-ট্রান্স হলিডেজ। চুক্তি অনুযায়ী, বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার কাজ করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পুরো ভ্রমণ প্রস্তুতির সময় রোগীদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে। এ ছাড়া রোগীর প্রয়োজন অনুযায়ী ফ্লাইট টিকিট বুকিং, থাকার ব্যবস্থা এবং অন্যান্য ভ্রমণসংশ্লিষ্ট সেবাও প্রদান করা হবে, যাতে আন্তর্জাতিক চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়াটি রোগীদের জন্য আরও সহজ ও সুশৃঙ্খল হয়। গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক চিকিৎসা গ্রহণে আগ্রহী রোগীরা প্রয়োজনীয় ভ্রমণ সহায়তা সহজেই পাবেন। এতে বিদেশে চিকিৎসা নেওয়ার পুরো প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে। মার্কেট এন-ট্রান্স হলিডেজের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল বলেন, আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের ক্ষেত্রে রোগীদের জন্য নির্ভরযোগ্য ভ্রমণ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারিত্বের মাধ্যমে রোগীদের জন্য ভিসা প্রসেসিং, ভ্রমণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় সহায়তা আরও সহজ ও সমন্বিতভাবে প্রদান করা সম্ভব হবে। উভয় প্রতিষ্ঠানের মতে, এই সমঝোতা বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে চিকিৎসা ভ্রমণ খাতের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে। এএমপি/এএসএম

Share this post: