TheBangladeshTime

১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2026-02-20 - 06:43

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। এদিকে, দিবসটিকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, তবুও আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার কেন্দ্রিক সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে। র‍্যাব ডিজি আরও বলেন, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বেোচ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। পাশাপাশি যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএনআর/জেআইএম

Share this post: