নিউক্যাসলের জালে গোলবন্যা, কোয়ার্টার ফাইনালে বার্সেরোনা
2026-03-19 - 03:41
দ্বিতীয়ার্ধের ঝোড়ো নৈপুণ্যে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে কাতালান ক্লাবটি ৭-২ গোলের বিশাল জয় পায়, আর দুই লেগ মিলিয়ে মোট ব্যবধানে জেতে ৮-৩ ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধ ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে জমিয়ে তোলে লড়াই। শুরুতেই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা, কিন্তু নিউক্যাসলও দ্রুত জবাব দেয়। সুইডিশ উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে লড়াইয়ে রাখেন। চলতি মৌসুমে দীর্ঘ সময় গোল না পেলেও এই ম্যাচে তিনি ১৩ মিনিটের ব্যবধানে দুইবার জালে বল জড়িয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যায়। তরুণ তারকা লামিনে ইয়ামাল পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে যেন সম্পূর্ণ ভিন্ন এক বার্সেলোনাকে দেখা যায়। একের পর এক আক্রমণে নিউক্যাসলের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দেয় তারা। রাফিনহা ও রবার্ট লেভানডোভস্কি দুজনই জোড়া গোল করেন। এছাড়া মারক বেরনাল ও ফার্মিন লোপেজও নাম লেখান গোলদাতাদের তালিকায়। বিশেষ করে রাফিনহার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পরে আবারও জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। লেওয়ানডস্কিও হেড ও শক্তিশালী শটে দুই গোল করে দলকে বড় জয়ে এগিয়ে নেন। নিউক্যাসলের রক্ষণভাগ এই ম্যাচে বারবার ভুল করেছে, যার পুরো সুযোগ নেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে চারটি অনুত্তরিত গোল হজম করে তারা পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে পড়ে। এই ম্যাচে ৭ গোল করে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এর আগে ২০১১-১২ মৌসুমে একই পর্যায়ে তারা লেভারকুসেনের বিপক্ষে ৭-১ গোলের জয় পেয়েছিল। এদিকে নিউক্যাসলের জন্য এটি একটি হতাশাজনক রেকর্ড। ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ কোনো ক্লাবের এক ম্যাচে সর্বোচ্চ ৭ গোল হজমের রেকর্ডের সঙ্গে সমতা হয়েছে তাদের। ম্যাচ শেষে স্পষ্ট হয়ে যায়, বার্সেলোনার আক্রমণভাগের সামনে নিউক্যাসলের রক্ষণভাগ একেবারেই অসহায় ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কাতালানদের গতিময় আক্রমণ সামলাতে পারেনি তারা। এই জয়ের ফলে দারুণ আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠছে বার্সেলোনা, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আতলেতিকো মাদ্রিদ। আইএইচএস/