TheBangladeshTime

‘সরকার বা আমলাতন্ত্রের অন্তর কি কাঁপে’, ফেসবুকে মিলনের প্রশ্ন

2026-03-23 - 14:11

ফেসবুকে সক্রিয় সাবেক সচিব মাহবুব কবির মিলন। দেশের নানান অসঙ্গতি নিয়ে ফেসবুকে লেখালেখি করেন তিনি। ঈদের দ্বিতীয় দিন আক্ষেপ করে কতগুলো ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছেন, এসব ঘটনায় কি সরকার বা আমলাতন্ত্রের অন্তর কি কাঁপে? গতকাল রোববার ফেসবুকে তিনি লিখেছেন, ঈদের ছুটিতে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রামের ওপর ভাসমান সেতুতে বাচ্চাসহ শতশত মানুষ উঠলে তা ভেঙে পড়ে। ঘটনায় পাঁচজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবা-মা বা গার্ডিয়ানদের, বাচ্চাসহ এত মানুষের ঝুলন্ত এই সেতুর ওপর উঠতে একটুও অন্তর কাঁপেনি। ঈদের রাতের এক রেলদুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লিখেছেন, গত রাতে রেলের গেটম্যান রেলগেট না লাগানোর কারণে কুমিল্লা পদুয়া বাজার রেলক্রসিং-এ ট্রেন-বাস সংঘর্ষে বাসের ১২ জন নিহত হয়েছে। তিনজন গেটম্যান, সম্ভাব্য পরিণতির বিষয়ে তাদের কাজের অবহেলা নিয়ে একবারও অন্তর কাঁপেনি তাদের। আক্ষেপ করে মিলন লিখেছেন, আমাদের কারো অন্তর কাঁপে না। দুই চারজন বা শতশত কিংবা হাজার, লাখ লাখ মরলেও আমাদের অন্তর কাঁপে না। আমাদের অন্তর সিল মেরে দিয়েছেন আল্লাহপাক। সামান্য একটু ভূমিতে ২২-২৫ কোটি লোকের অন্তরে মোহর মেরে দিলে কেয়ামত পর্যন্ত এই জাতির উন্নতি কীভাবে হবে, বলতে পারেন? তিনি প্রশ্ন তুলেছেন, খাদ্য ভেজালের কারণে যে কোটি কোটি লোক জরাগ্রস্ত, পঙ্গু, বিকলাঙ্গ, অকাল মৃত্যুর মুখে পতিত হচ্ছে, সেটা নিয়ে কি সরকার বা আমলাতন্ত্রের অন্তর কাঁপে!! প্রমাণ পেয়েছেন কিছু, কখনো? এই দেশে জন্ম নেয়াও আজন্ম পাপ। যেমন জাতি, তেমন সরকার। সাবেক এই সচিবের এই আক্ষেপে স্বর মিলিয়েছেন অনেকে। আবার অনেকে মন্তব্য করেছেন, মানুষকে সচেতন হতে হবে। আরএমডি

Share this post: