অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দেন : ভাবনা
2026-03-20 - 06:20
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ও কিছু ছবি ঘিরে সমালোচনা, ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার বিষয়টি নিয়ে সরব হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই শিল্পী। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে আশনা হাবিব ভাবনা জানান, যে ভিডিওটি ভাইরাল করা হচ্ছে সেটি আসলে একটি মঞ্চনাট্যের অংশ। সেখানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন। নাচের পোশাক পরিহিত সেই পারফরম্যান্সকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার যে ছবি ছড়ানো হচ্ছে, সেটিও একটি ঈদের অনুষ্ঠানের অংশ বলে উল্লেখ করেন ভাবনা। তিনি বলেন, পুরো অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং সেখানে কী আলোচনা হয়েছে তা সবাই দেখতে পারবেন। দীর্ঘদিন চুপ থাকার পর এবার নিজের অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, একজন শিল্পী হিসেবে তিনি কখনো কারও কাছ থেকে কোনো সুবিধা নেননি। তবুও তাকে বুলিং, অপমানসহ নানা ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক পরিচয়ের বিষয়ে স্পষ্ট করে ভাবনা জানান, ‘আমাকে রাজনৈতিক ট্যগ দিয়ে লাভ নাই। আমি একজন শিল্পী, আমি কাজ করবো। সবার সাথেই কাজ করবো। যেমন একজন ব্যাবসায়ী সবার সাথে কাজ করে। যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে।’ রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি সেখানে অংশ নেবেন বলেও জানান এই অভিনেত্রী। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেই দাবি করেন তিনি। সবশেষে সমালোচকদের উদ্দেশে ভাবনা বলেন, তাকে যেন কাজ করতে দেওয়া হয়। ছবি আঁকা, কবিতা লেখা এবং অভিনয় নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ চান তিনি। তার ভাষায়, ‘রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। ছিলোও না। ভবিষ্যতে হলে অবশ্যই আপনারা জানবেন। আমি কেবলমাত্র একজন শিল্পী হয়ে থাকতে চাই। অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দেন। ছবি আঁকতে দেন। কবিতা লিখতে দেন।’ এলআইএ