এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
2026-03-27 - 13:41
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চাপ বেড়েছে ফেরিঘাটের খাবার হোটেলগুলোতে। গত দুই দিনে এক হোটেলে ৬০ হাজার টাকার বিক্রি হয়েছে। পদ্মা সেতু চালুর পর যা একটি হোটেলে সারা বছরের বিক্রি থেকেও বেশি বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। শুক্রবার (২৭ মার্চ) দুপুরেও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হোটেলগুলোতে চাপ ও ব্যস্ততা লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, পদ্মাপাড়ের ফেরিঘাটে গত তিন দিনে বিভিন্ন খাবার হোটেলগুলোতে চাপ বেড়েছে। ব্যস্ত সময় পার করতে দেখা যায় হোটেলগুলোর মালিক ও কর্মচারীদের। বিশেষ করে উৎসুক জনতা, নিখোঁজ ব্যক্তিদের স্বজন, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে দীর্ঘদিন পর হোটেলগুলোতে ভিড় বাড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন সদস্য বলেন, ‘বুধবার সন্ধ্যা থেকে এখানে ডিউটি পড়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। কিন্তু পেটে খাবার না থাকলেতো আর কাজ করা যায় না। হোটেলগুলো রাত-দিন খোলা ছিল বলে এখানে আগতরা খেতে পেরেছেন।’ সনত চক্রবর্তী নামের একজন গণমাধ্যমকর্মী জাগো নিউজকে বলেন, ‘সংবাদ সংগ্রহের কাজে দুদিন ধরে দৌলতদিয়া ফেরিঘাটে পড়ে আছি। এখানকার হোটেলগুলো রাত-দিন খোলা ছিল বলে ক্ষুধা মেটাতে পেরেছি। গত কয়েকদিনে হোটেলগুলোতে ভিড় ছিল।’ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকার হোটেল ব্যবসায়ী আলাউদ্দিন ফকির জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতু চালুর পর থেকে আমাদের হোটেল ব্যবসায় ধস নামে। বেচাকেনা নেই বললেই চলে। তবে এমন দুর্ঘটনা কামনা করি না। এটা খুবই দুঃখজনক।’ তিনি বলেন, ‘গত দুই দিনে হোটেলে খুব চাপ বেড়েছে। বেচাকেনা ভালো হয়েছে। গত দুই দিনে ৬০ হাজার টাকার মতো বিক্রি করেছি, যা সারা বছরেও সম্ভব হয় না।’ এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজও দিনব্যাপী পদ্মায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এন কে বি নয়ন/এসআর/এএসএম