বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
2026-03-15 - 09:04
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তরের জনপদে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় এই উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। রোববার (১৫ মার্চ) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটের লড়াই। বিএনপি চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই শূন্য আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন প্রার্থী। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার (ফুলকপি)। প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থীরা নিজ নিজ অবস্থান তুলে ধরেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া বিএনপির দুর্গ। এখানকার মানুষ সবসময় উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ধানের শীষে ভোট দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন জনগণের সঙ্গে তার সংযোগ সেতু হিসেবে কাজ করার জন্য। নির্বাচিত হলে বগুড়াকে একটি আধুনিক মডেল জেলা হিসেবে গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। তিনি আরও জানান, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও বিভাগ বাস্তবায়নসহ থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো তিনি দ্রুত সম্পন্ন করতে চান। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়ার সন্তান হিসেবে আমি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে মানুষের পাশে আছি। জেল-জুলুম সহ্য করেছি। আমার বিশ্বাস, জনগণ আমাকেই বেছে নেবে। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ প্রশাসনে রদবদল ভালো বার্তা দেয় না। আমরা চাই না বগুড়া আরেকটি মাগুরায় পরিণত হোক। বিগত নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের পরিবর্তে নিরপেক্ষ কর্মকর্তাদের প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের দাবি জানাচ্ছি। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, সোমবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। আগামী ৯ এপ্রিল মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এই উপনির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা কাজ করছে। এমএন/জেআইএম