গ্রামীণ পথের নীরব সৌন্দর্য ভাঁটফুল
2026-03-28 - 03:40
বাংলার গ্রাম মানেই সবুজে মোড়া প্রকৃতি, মাটির সোঁদা গন্ধ আর সরল জীবনের এক অনন্য রূপ। এই সৌন্দর্য কেবল ধানক্ষেত, নদী বা বড় বড় গাছেই সীমাবদ্ধ নয়; এর আড়ালে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট প্রাকৃতিক উপাদান, যা নিঃশব্দে আমাদের মনকে ছুঁয়ে যায়। তেমনই এক অনিন্দ্য উপাদান হলো ভাঁটফুল। গ্রামীণ রাস্তাঘাটের পাশে, পতিত জমিতে কিংবা ঝোপঝাড়ে জন্মানো এই ফুল নীরবে ছড়িয়ে দেয় অপূর্ব সৌন্দর্য। অবহেলা আর অযত্নেই বেড়ে উঠলেও তার রূপে ও গন্ধে মানুষকে আকৃষ্ট করে। ভাঁটফুল ভারবিনাসিয়া পরিবারের অন্তর্গত গুল্মজাতীয় বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার অঞ্চলে এ ফুলের আদি নিবাস। বৈজ্ঞানিক নাম হলো ‘ক্লেরনডেনড্রন ভিসকোসাম’। এই ফুলকে কেউ ভাঁটিফুল, ঘেটু ফুল বা বনজুঁই হিসেবেও ডাকেন। ভাঁটফুল সাধারণত সাদা বা হালকা বেগুনি রঙের হয়ে থাকে। এর পাপড়িগুলো খুব সূক্ষ্ম ও কোমল, আর ফুলের গঠন বেশ আকর্ষণীয়। অনেক সময় দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট ছোট তারার মতো ছড়িয়ে আছে ঝোপের ভেতরে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে গেলে, দু’পাশে ভাঁটগাছের সারি আর তাতে ফুটে থাকা ফুলগুলো চোখে পড়ে। এই দৃশ্য শুধু পথচারীদের দৃষ্টি আকর্ষণই করে না, বরং তাদের মনে এক ধরনের প্রশান্তিও এনে দেয়। গ্রামীণ জীবনে ভাঁটফুলের উপস্থিতি অনেকটা স্বাভাবিক ও সহজাত। শহরের মানুষের কাছে এটি হয়তো তেমন মূল্যবান কিছু নয়, কিন্তু গ্রামের মানুষের কাছে এই ফুল প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ভোরবেলা যখন সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখন ভাঁটফুলের ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝলমল করে ওঠে। সেই দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম, যা প্রকৃতি নিজ হাতে এঁকেছে। ভাঁটগাছ সাধারণত যত্ন ও পরিচর্চা ছাড়াই বেড়ে ওঠে। এটি কোনো চাষের ফুল নয়, বরং প্রকৃতির নিজস্ব উপহার। রাস্তার পাশে, জমির আইলে কিংবা পরিত্যক্ত জায়গায় নিজে থেকেই জন্ম নেয় এই ফুলগাছ। ফলে ভাঁটফুলের সৌন্দর্য এতটা হৃদয়গ্রাহী। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় ভাঁটফুলের হালকা গন্ধ অনেকের মন ভালো করে দেয়। যদিও এই ফুলের গন্ধ খুব তীব্র নয়, তবুও এর এক ধরনের মৃদু স্নিগ্ধতা আছে, যা পরিবেশকে সতেজ করে তোলে। জামালপুরসহ দেশের অনেক গ্রামীণ অঞ্চলে এ বুনোফুলের দেখা মিলে। সারা বছর কমবেশি দেখা গেলেও চৈত্র থেকে বৈশাখ-জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভাঁটফুল বেশি ফুটতে দেখা যায়। তখন গ্রামের পথঘাট যেন নতুন করে সাজে এই ফুলের ছোঁয়ায়। যা ভ্রমণক্লান্ত পথিকের মনকে প্রফুল্ল করে তোলে। ভাঁটফুল শুধু সৌন্দর্যের জন্যই নয়, এর রয়েছে কিছু ব্যবহারিক দিকও। গ্রামীণ চিকিৎসায় এর পাতা ও ফুল কখনো কখনো ব্যবহার করা হয়। যদিও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এর ব্যবহার সীমিত, তবুও লোকজ জ্ঞানে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। অনেক গ্রামেই ভাঁটগাছকে এখনো একটি উপকারী উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। গ্রামীণ পথের ধারে ভাঁটফুল শুধু একটি ফুল নয়, এটি এক অনুভূতি-শৈশবের স্মৃতি, মাটির টান এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের প্রতীক। যখন কেউ দীর্ঘদিন পর গ্রামে ফিরে আসে এবং সেই পুরোনো রাস্তায় হাঁটে, তখন ভাঁটফুলের উপস্থিতি তাকে ফিরিয়ে নিয়ে যায় অতীতের সোনালি দিনে। ভাঁটফুলের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃতির আসল রূপ লুকিয়ে থাকে সরলতার ভেতরে। কোনো কৃত্রিমতা বা জাঁকজমক ছাড়াই, খুব সাধারণ এক ফুল কীভাবে একটি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারে, তার উদাহরণ হলো ভাঁটফুল। এটি আমাদের শেখায়, সৌন্দর্য সবসময় বড় কিছুতে নয়; ছোট ছোট জিনিসেও লুকিয়ে থাকে অসীম মাধুর্য। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই স্বাভাবিক সৌন্দর্য অনেক জায়গায় হারিয়ে যেতে বসেছে। পাকা রাস্তা নির্মাণ, বসতবাড়ি বৃদ্ধি এবং কৃষিজমির পরিবর্তনের কারণে ভাঁটগাছ ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। ফলে গ্রামের সেই চিরচেনা পথের ধারে ভাঁটফুলের সারি আগের মতো আর চোখে পড়ে না- যা নিঃসন্দেহে একটি প্রাকৃতিক ক্ষতি। তবে এখনো অনেক গ্রামে ভাঁটফুল তার নিজস্ব অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে যেসব এলাকায় আধুনিকতার ছোঁয়া কম, সেখানে এখনো এই ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। গ্রামের মানুষও ধীরে ধীরে বুঝতে পারছে যে, এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা জরুরি। কারণ এগুলো শুধু চোখের প্রশান্তির জন্যই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। ভাঁটফুল গ্রামীণ জীবনের এক নীরব সৌন্দর্য। যার কোনো বড় পরিচিতি নেই, নেই কোনো বিশেষ চর্চা; তবুও এটি নিজের মতো করে ছড়িয়ে দেয় সৌন্দর্য। তাই এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। তবেই টিকে থাকবে গ্রামের প্রকৃত সৌন্দর্য- নইলে একদিন হয়তো নতুন প্রজন্ম ভাঁটফুলকে চিনবে কেবল বইয়ের পাতায় কিংবা কবিতার পঙক্তিতে। জেএস/