TheBangladeshTime

ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

2026-03-05 - 00:04

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজে ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ। তিনি শায়েস্তাগঞ্জ জেলার সদরের নুরপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে আলমগীর হোসেন (৩৮)। ভৈরব বাজার জনতা ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন এলাকার রেললাইনের পাশে একটি নির্জন জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসা থেকে প্রতিদিনের মতোই ব্যাংকের উদ্দেশ্যে বের হন আলমগীর। কিন্তু দুপুরের দিকে তার ব্যাংক থেকে এক কর্মকর্তা তার স্ত্রীকে ফোন করে বলেন তিনি ব্যাংকে যাননি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এর পরদিন ১ মার্চ নিহতের বড় ভাই মো.ওয়াহিদুজ্জামান ব্যাংক কর্মকর্তা ভাইয়ের সন্ধানে একটি জিডি দায়ের করেন। নিখোঁজের ৪ দিন পর বুধবার বিকেলে কালিকাপ্রসাদ বিসিক শিল্প নগর এলাকার বিপরীত দিকের রেললাইনের পাশে একটি নির্জন স্থানে স্থানীয়রা একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই মো.ওয়াহিদুল ইসলাম বলেন, বুধবার ইফতারের সময় আমার ভাইয়ের স্ত্রী ফোন করে জানান রেললাইনের পাশের নির্জন স্থানে আমার ভাইয়ের মরদেহ পড়ে ছিলো। এখন আমরা থানায় এসে দেখলাম ভাইয়ের পরিহিত প্যান্ট কাটা ছিল। তার পা ও একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভাই হত্যায় জড়িতদের শনাক্তের দাবি জানান তিনি। নিহতের বোন জামাই খালেদ আহমেদ বলেন, নিখোঁজের আগের দিনও আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। ঈদে বাড়ি যাবেন বলে আমাদের জানিয়েছেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হন। আজ চারদিন পর তার মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। আমার শ্যালককে রহস্যজনকভাবে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তিনি। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। রাজীবুল হাসান/এএমএ

Share this post: