TheBangladeshTime

জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে চলবে ভ্রাম্যমাণ আদালত

2026-03-08 - 12:54

জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হতে যাচ্ছে। এ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে রোববার (৮ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে সংকট তৈরির লক্ষ্যে অবৈধ মজুত করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংকট নিরসনে এরই মধ্যে সরকার যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করেছে। তারপরও বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূলের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি, অধিক মুনাফার লোভে অতিরিক্ত মজুত, খোলা বাজারে বিক্রি ও পাচারের প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় চিঠিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ জানানো হয়। যাতে জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি ও খোলা বাজারে বিক্রি বন্ধ এবং পাচার রোধ করা যায়। আরএমএম/একিউএফ

Share this post: