TheBangladeshTime

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে ঢাকায় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন

2026-03-10 - 15:24

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঢাকায় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে। এতে তিন শিফটে ২১ কর্মকর্তা ও ৪২ কর্মচারী দায়িত্ব পালন করবেন। প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা এই ঠিকানায় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়, নিয়ন্ত্রণকক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নিয়ন্ত্রণকক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল। এছাড়া অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং ছক মোতাবেক তথ্যাদি সংগ্রহপূর্বক ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন। এমএএস/বিএ

Share this post: