TheBangladeshTime

ঈদের আগে আইফোন পেলেন রাজশাহীর ক্রিকেটাররা

2026-03-19 - 13:00

মাঠের লড়াই শেষ হয়েছে মাস দেড়েক আগে, প্রথমবার অংশ নিয়েই বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার ঈদের আগে দেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের হাতে লেটেস্ট মডেলের আইফোন ১৭ প্রো ম্যাক্স তুলে দিলো রাজশাহীর মালিকপক্ষ। গতকাল দলের ১৫ জন ক্রিকেটার এবং ১০ জন কোচিং স্টাফ আইফোন বুঝে পেয়েছেন। জিসান আলম, রিপন মণ্ডল ও ওয়াসি সিদ্দিকিদের মতো তরুণ ক্রিকেটাররা এই দামী উপহার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি রাখতেই এই বিশেষ আয়োজন, যা ঈদের আগে তাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। আর্থিক প্রাপ্তির দিক থেকেও এবারের আসর ছিল বেশ চাঙ্গা। চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা এবং রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। শুধু মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরেও এবার প্রশংসা কুড়িয়েছে রাজশাহী। আসর শেষ হওয়ার আগেই খেলোয়াড় ও স্টাফদের শতভাগ পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে দলটি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাকি সব দল হিসেব চুকিয়ে ফেললেও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের কপালে এখনো চিন্তার ভাঁজ। দলের অনেক ক্রিকেটার এখনো তাদের পাওনা বুঝে পাননি। কবে নাগাদ তারা সেই টাকা হাতে পাবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এসকেডি/এএসএম

Share this post: