ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার
2026-03-04 - 15:54
শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবে গেছে বলে ওয়াশিংটন এরই মধ্যে দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় তারা জাহাজের কোনো চিহ্ন পাননি, শুধু তেলের স্তর ও লাইফ র্যাফট দেখা গেছে। আমরা পানিতে ভাসমান লোকজনকে দেখতে পাই। এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানি ফ্রিগেটটিতে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর অন্তত ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো উপকূলে আনার প্রক্রিয়া চলছে বলে নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। এর আগে, ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। বুধবার (৪ মার্চ) ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে দাবি করা হয়। পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতেই ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজটি। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি ইরানি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। কিন্তু একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় সেটি ডুবে গেছে। হেগসেথ দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রু জাহাজ টর্পেডো দিয়ে ডুবানো হলো। সূত্র: আল-জাজিরা কেএএ/