ফেনীতে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
2026-02-12 - 06:46
ফেনী সদর উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফেনীর ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বকু ও স্বপন নামে দুই বিএনপি কর্মীর হামলায় জামায়াত কর্মী রেজাউল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় জামায়াতের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সশরীরে কিংবা মোবাইল ফোনে পাওয়া যায়নি। আহত জামায়াত কর্মী রেজাউল করিম জানান, তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, হামলা সংক্রান্ত কোনো বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবদুল্লাহ আল-মামুন/এসএএইচ