TheBangladeshTime

শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত মোহামেডানের পরিচালনা পর্ষদ

2026-03-06 - 15:44

বিএনপি নেতা ও মোহামেডানের সঙ্গে আগেও সম্পৃক্ত থাকা জাতীয় সংসদের সদস্য বরকতউল্লাহ বুলু সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছেন আগেই। সভাপতি পদে মনোনয়ন তোলা আরেক বিএনপি নেতা ও সাংসদ জয়নুল আবেদিন ফারুক এবং সাজেদ এএ আদেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বরকতউল্লাহ বুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। দেখার বিষয় ছিল, ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পরিচালনা পর্ষদের বাকি ১৫ পরিচালক কারা হন। মোহামেডান সমর্থক এবং দেশের ক্রীড়া অনুরাগীদের দৃষ্টি ছিল আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদ নির্বাচনের দিকে। এ নিয়ে মতিঝিল ক্লাবপাড়ায় নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত সেই সব গুঞ্জনের অবসান হয়েছে। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও সমর্থকপুষ্ট ক্রীড়া প্রতিষ্ঠান মোহামেডান স্পোর্টিং ক্লাবে শেষ পর্যন্ত আর নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। আজ ৬ মার্চ রাতে নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আর ভোটগ্রহণের প্রয়োজন হবে না। শেষ মুহূর্তে নিজেদের মধ্যে সমঝোতা হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মনে হচ্ছিল সভাপতি পদ ছাড়া বাকি ১৬ পরিচালক পদে নির্বাচন হবে। কারণ মোট ২৮ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেননি। পরে আজ তাদের মধ্যে ১২ জন মনোনয়ন প্রত্যাহার করে নিলে বাকি ১৬ জন পরিচালক বিনা ভোটেই নির্বাচিত হয়ে যান। চূড়ান্ত বৈধ ১৭ জন পরিচালক হলেন— সভাপতি: বরকতউল্লাহ বুলু পরিচালকবৃন্দ: লোকমান হোসেন, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ আদেল, সৈয়দ সাব্বির বিন রুম্মান, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী। এআরবি/ আইএন

Share this post: